পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সড়ক এইচবিবিকরণ কাজে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মাত্র ৮ হাজার ইটের কাজ করে পুরো ৫ লাখ টাকা তুলে নিয়েছে 'অন্বেষা এন্টারপ্রাইজ' নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের এডিপির ৪র্থ পর্যায়ভুক্ত প্রকল্পের আওতায় জটিল দরপত্র প্রক্রিয়া এড়াতে ও দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে ‘রিকুয়েস্ট ফর কোটেশন’ (RFQ) পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কাজে স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা থাকলেও তা বাস্তবে ঘটেছে উল্টো।
সরেজমিনে দেখা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ঘোনা ওয়াপদা বাঁধ থেকে গ্রামের মন্দির পর্যন্ত সড়ক নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পুরো রাস্তায় কাজ করার কথা থাকলেও বাস্তবে মাত্র ১৫০ ফুটের মতো সড়ক নির্মাণ করেই তুলে নেওয়া হয়েছে পুরো বিল।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই হরিলুট হয়েছে। প্রকল্পটিতে সর্বোচ্চ ৮ হাজার ইট ও এক গাড়ি বালু ব্যবহার করা হয়েছে। এতে ব্যয় হতে পারে ১ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়াও নিয়ম অনুযায়ী রাস্তার দু’পাশে মাটি ভরাট করার কথা থাকলেও সেটি করেননি। যার কারণে সামান্য বৃষ্টিতেই নবনির্মিত সড়কটির বেশ কিছু জায়গা ভেঙে গেছে।
এ বিষয়ে মান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আব্দুল কাদের জানান, কাজে অনিয়মের বিষয়টি জানা ছিল না। তথ্য পাওয়ার পর তদন্ত টিম পাঠানো হয়েছে; সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat