মো: আব্দুর রহীম মিঞা, জেলা প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডের এখন চোখে পড়ছে এক ব্যতিক্রমী দৃশ্য। রাস্তার মোড়, বাজার এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে শোভা পাচ্ছে মাদকবিরোধী স্লোগান— “হুঁশিয়ার! হুঁশিয়ার! মাদক ছাড়, তা না হলে এলাকা ছাড়।” সচেতন মহলের উদ্যোগে টানানো এসব ব্যানার ও ফেস্টুন এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয়দের মতে, মাদকের ভয়াবহ ছোবলে দেশের মতো ভূঞাপুরের কিছু এলাকাও দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। সেই লক্ষ্যেই বিভিন্ন ওয়ার্ডে মাদকবিরোধী এই প্রচারণা চালানো হচ্ছে।
ব্যানারে লেখা কঠোর বার্তাটি শুধু একটি স্লোগান নয়, বরং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে স্থানীয় জনগণের সামাজিক অবস্থানের বহিঃপ্রকাশ। এলাকাবাসী মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে উঠলে মাদক নির্মূলে আরও ইতিবাচক ফল পাওয়া সম্ভব।
স্থানীয় সাধরণ জনগন ও যুবকরা জানান, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে অনেক মেধাবী তরুণ বিপথে যাচ্ছে, পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে এবং অপরাধ প্রবণতা বাড়ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
সচেতন নাগরিকরা বলছেন, “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন”— এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হলে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ওয়ার্ডজুড়ে শোভা পাওয়া এই স্লোগান সেই সামাজিক আন্দোলনেরই একটি অংশ। এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র্যালি, পথসভা ও সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করেন এবং তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। সেই ধারাবাহিকতায় এবার ওয়ার্ডে ওয়ার্ডে শোভা পাচ্ছে কঠোর বার্তাসংবলিত স্লোগান।
ভূঞাপুরের বিভিন্ন ওয়ার্ডে মাদকবিরোধী এমন দৃশ্য সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে এই সামাজিক জাগরণ আরও শক্তিশালী হবে এবং একদিন মাদকমুক্ত ভূঞাপুর গড়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat