ন্যাশনাল ডেস্ক
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা কঠিন হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের জয়ন্তী নদীর ওপর প্রস্তাবিত নলমুড়ি-কুচাইপট্টি সংযোগ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু বলেন, গত ১৭ বছরে সমাজব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদক ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, এমনকি ঘরে ঘরে এর প্রভাব পৌঁছে গেছে। এ অবস্থা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।
জয়ন্তী নদীর ওপর সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতুর অনুমোদন ইতোমধ্যে হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। পাশাপাশি খুনেরচর-আবুপুর হয়ে বরিশালের সঙ্গে সংযোগ স্থাপনে আরও একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ডামুড্যা উপজেলার তালতলা এলাকায় এই নদীর ওপর আরেকটি সেতু হচ্ছে।
তিনি বলেন, গোসাইরহাটবাসী এবার প্রথমবারের মতো নিজেদের একজন সন্তানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। শরীয়তপুর তার পরিবার এবং বিএনপি তার পরিচয় উল্লেখ করে তিনি সব ভেদাভেদ ভুলে উন্নত ও সমৃদ্ধ শরীয়তপুর গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক প্রকল্পের বিষয়ে হুইপ অপু জানান, আগামী তিন মাসের মধ্যে সব প্রশাসনিক প্রক্রিয়া শেষ হবে। এরপর দ্রুত টেন্ডার সম্পন্ন করে নির্মাণকাজ শুরু করা হবে। এছাড়া শরীয়তপুর-নাওডোবা-জাজিরা সড়কের জমি অধিগ্রহণ সংক্রান্ত অধিকাংশ জটিলতা ইতোমধ্যে সমাধান হয়েছে। আগামী রোববার বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকে অবশিষ্ট সমস্যারও নিষ্পত্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শরীয়তপুরের বাস্তবায়নে ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প (২য় সংশোধিত)’-এর আওতায় সামন্তসার ও ইদিলপুর ইউনিয়নের চারটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন হুইপ অপু।
এ সময় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম রাফেউল ইসলাম, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত আরা খানম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat