ন্যাশনাল ডেস্ক রিপোর্ট
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কোরবানি। ঈদুল আজহার শিক্ষা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার বার্তা দেয়। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই কোরবানির প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ঈদের নামাজ আদায়ের পর মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হুইপ অপু। এর আগে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
হুইপ বলেন, পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে আমার এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শরীয়তপুরসহ দেশবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক। মহান আল্লাহর দরবারে দোয়া করি, সবাই যেন সুস্থ, সুন্দর ও আনন্দে ঈদ উদযাপন করতে পারেন। আজকের এই পবিত্র দিনের মতো সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
ঈদের এই আনন্দঘন মিলনমেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে অনেকে হুইপের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান করেন।
পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা আত্মত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধ-এমন বার্তাই তুলে ধরেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat