আমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেওয়ানের খামার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে শিপন রহমান (৩৩), মোজাহার আলীর ছেলে শাকিল বাবু (১৯), অপু শেখের ছেলে হাসিবুল ইসলাম (৩২) এবং আলম মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (১৬)।
পুলিশ জানায়, দেওয়ানের খামার এলাকার বিস্তীর্ণ ধানক্ষেত ও সুপারিবাগানে একটি চক্র নিয়মিত ইয়াবা সেবন ও কেনাবেচা করত। চারপাশ ফাঁকা থাকায় দূর থেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যেত। এ কারণে তাদের ধরতে পুলিশ সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে কৌশলী অভিযান চালায়।
অভিযানে প্রথমে শাকিল বাবু, হাসিবুল ইসলাম ও শাকিল আহম্মেদকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপন রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৬০ পিস ইয়াবা, সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। তাঁর সঙ্গে ভূরুঙ্গামারী থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আল-আমিন ছিলেন।
পুলিশের দাবি, শিপন রহমান বাসস্ট্যান্ড এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং অনলাইন ক্যাসিনো ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন। সাম্প্রতিক সময়ে একটি অনলাইন ক্যাসিনো ওয়েবসাইটে জ্যাকপট পেয়ে তিনি প্রায় ১২ লাখ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এ অর্থ উপার্জনের দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট জুয়া আইনের ধারায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “শিপন রহমান আমাদের নজরদারিতে ছিল। তিন সহযোগীসহ তাকে মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার মাদক কারবারি ও অনলাইন জুয়া বা ক্যাসিনোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানিয়েছে, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat