মো: আব্দুর রহীম মিঞা, জেলা প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুতিকালে নৌকাসহ পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার (৩ জুন) ভোরে উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদী সংলগ্ন কালা সড়কের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— গাজীপুর জেলার আ. রশিদের ছেলে মো. রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মো. ইব্রাহীম (২১), মৃত আব্দুল মালেকের ছেলে মো. ছাত্তার (৩০), টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ী গ্রামের আদম আলীর ছেলে হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের আমিনুলের ছেলে মো. মিলন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে যমুনা নদীতে একটি নৌকায় কয়েকজন অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন এলাকাবাসী। তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয়রা নৌকাটি ঘিরে ফেলেন এবং জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাদের আটক করে ভূঞাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক পাঁচজনকে হেফাজতে নেয় এবং তাদের ব্যবহৃত নৌকাটি জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নদীপথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভূঞাপুর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদেরকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয।
এ ঘটনায় নদী তীরবর্তী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা যমুনা নদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat