মো: আব্দুর রহীম মিঞা, জেলা প্রতিনিধি টাঙ্গাইল :
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার ১৯ মে সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। এক গুচ্ছ রং-বেরঙ্গের বেলুন উড়িয়ে ভূমিসেবা মেলা ২০২৬ কার্যক্রমে উদ্ভোধন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুব হাসান বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ হওয়ায় সাধারণ মানুষের হয়রানি কমেছে এবং সেবার মান বৃদ্ধি পেয়েছে। এক সময় ভূমি অফিস মানেই ছিল দীর্ঘ অপেক্ষা, কাগজপত্রের ঝামেলা ও নানা ধরনের ভোগান্তি। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় ভূমি ব্যবস্থাপনাও এখন হয়েছে আধুনিক ও সহজ। অনলাইনে নামজারি আবেদন, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা এখন ঘরে সেই গ্রহণ করা সম্ভব হচ্ছে। এতে যেমন সময় বাঁচছে, তেমনি কমছে দুর্নীতি ও হয়রানি।
ভূমিসেবা মেলার আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুরক্ষিত ভূমি ব্যবস্থা কেবল ব্যক্তি মালিকানার নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভূমি নিয়ে বিরোধ কমে গেলে সামাজিক স্থিতিশীলতা বাড়ে, কৃষি উৎপাদনও বৃদ্ধি পায়।
র্যালী ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতি প্রমাণ করে, ভূমি সেবাকে ঘিরে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।
বক্তারা আরও বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন ও সুরক্ষিত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের অটোমেটেড ভূমি সেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সেবা সম্পর্কে সচেতনতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat