মো: আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভূঞাপুরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ এবং সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস ছালাম পিন্টু। তিনি সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে সমবায়ীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৭ জন সমবায়ীর মাঝে মোট ১৯ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন, প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাফরুল হাসান রিপন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্চয় দাস, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সমবায়ভিত্তিক উদ্যোগ আরও জোরদার করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat