ন্যাশনাল ডেস্ক
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে ‘জুডিসিয়াল কিলিং’ শিরোনামে জামায়াত ও বিএনপির ছয় নেতার ছবিসংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনী চলাকালে এ ঘটনা ঘটে।
ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভিযোগ, সন্ধ্যার পর প্রদর্শনীস্থলে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিত জামায়াতের ৫ নেতা ও বিএনপির এক নেতা ‘বিচারিক হত্যাকাণ্ডের শিকার’ উল্লেখ করা ব্যানার সরিয়ে নিতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
শিবিরের দাবি, একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা স্ট্যাম্প দিয়ে শিবির নেতা মেহেদী হাসানসহ কয়েকজনকে মারধর করে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রদর্শনীস্থলের সামনে শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেন। অন্যদিকে মূল ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল ও শিবিরের কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। তবে উত্তেজনা অব্যাহত থাকে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানা বস্তায় করে ভাঙা ইট নিয়ে আসেন। এসময় প্রক্টরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি শিবিরের নেতাকর্মীদের লক্ষ্য করে একটি ইট ছুড়ে মারলে তারা পাল্টা ধাওয়া দেন। এতে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে যান।
শিবিরের সভাপতি আব্দুর রাকিব বলেন, ‘প্রশাসনের অনুমতি নিয়ে আমরা একটি প্রোগ্রাম আয়োজন করেছি। সেখানকার একটি ব্যানার নিয়ে ছাত্রদল আপত্তি করে, তারা প্রশাসনকে না জানিয়ে কর্মসূচি ভণ্ডল করতে যায় এবং আমাদের ওপর আক্রমণ করে। সবকিছু সমাধান করার চেষ্টা করছি, কিন্তু যদি কোনো কিছু ঘটে তার দায় ছাত্রদলকে নিতে হবে।’
এদিকে ছাত্রদলের মো. ইয়ামিন অভিযোগ করে বলেন, ছাত্র শিবিরের কর্মসূচিতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়েত নেতাদের ছবি সম্বলিত একটি ব্যানার টাঙানো হয়। ছাত্রদলের নেতাকর্মীরা সেই ব্যানার সরানোর জন্য দাবি জানালে শিবিরের পক্ষ থেকে হামলা করা হয়। এতে ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ছাত্রশিবিরের কর্মসূচিতে একটি ব্যানার নিয়ে আপত্তি তুলে ছাত্রদল, এ নিয়ে বাকবিতণ্ডা হয়। তিনি বলেন, ছাত্রলীগের উস্কানিতে এ ধরনের ঘটনা ঘটছে। আমরা উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করব।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat