মো. ফাহিম সরকার, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও প্রোফাইল ব্যবহার করে নিজের বিরুদ্ধে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগ করেছেন পৌর যুবদলের সদস্যসচিব পলাশ বিন আশরাফী। এ ঘটনায় তিনি বিরামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে চলা কথিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বিরামপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পলাশ বিন আশরাফী বলেন, আগামী বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার আগ্রহ রয়েছে তাঁর। এ লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
পলাশের অভিযোগ, তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করা, তাঁর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সাধারণ মানুষের মধ্যে তাঁকে নিয়ে বিভ্রান্তিকর ধারণা তৈরির উদ্দেশ্যে ফেসবুকের বিভিন্ন আইডি ও প্রোফাইল থেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব অপপ্রচারের কারণে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের প্রচারণা সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
এর আগে করা সাধারণ ডায়েরিতে পলাশ কয়েকটি ফেসবুক আইডি ও প্রোফাইলের নাম উল্লেখ করেছেন। এর মধ্যে ‘তৃণমূলের কণ্ঠ’, ‘মোস্তাফিজুর রহমান ফিজুল চেয়ারম্যান’ ও ‘Mesbaul Alam’ নামের প্রোফাইলের কথা রয়েছে। এসব প্রোফাইল থেকে প্রকাশিত কথিত অপপ্রচারমূলক পোস্টের স্ক্রিনশট সংরক্ষণ করেছেন বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
জিডিতে পলাশ আরও আশঙ্কা করেন, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে একই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার অব্যাহত থাকতে পারে। এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তাঁর সামাজিক মর্যাদা ও রাজনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
পলাশ বলেন, এ বিষয়ে তিনি বিরামপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat