
বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইক থেকে দুর্ঘটনার কথা জানিয়ে এলাকাবাসীকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেন। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন। যাত্রীরা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, বাসে থাকা বেশিরভাগ পর্যটকই কমবেশি আঘাত পেয়েছেন। এদের মধ্যে ১৫ জনের আঘাত গুরুতর। সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় বাসের আরোহীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat