ন্যাশনাল ডেস্ক
রংপুরের পীরগাছায় একটি বাড়ি অভিযান চালিয়ে ৭৭ বস্তা ভেজাল সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভেজাল সার ও বালাইনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম এবং বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়ক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে আব্দুল মালেক (৫০) নামের এক ব্যক্তির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার তৈয়ব আলীর ছেলে আব্দুল মালেক দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল সার ও বালাইনাশক তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন।
অভিযানে ৭৭ বস্তা ভেজাল সার, সার ও বালাইনাশক তৈরির বিভিন্ন কাঁচামাল, সরঞ্জাম এবং সিনজেনটাসহ বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়ক জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল পারুল ইউনিয়ন পরিষদে রাখা হয়। তবে এ সময় আব্দুল মালেক বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, আব্দুল মালেক প্রায় ১৫-২০ বছর ধরে ভেজাল সার ও বালাইনাশকের কারবারের সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার ধরা পড়েছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat