
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক ম্যাচটি রাঙাতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই নিজের বিধ্বংসী রূপ দেখালেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। করাচি কিংসের ব্যাটারদের গতির আগুনে পুড়িয়ে পেশোয়ার জালমিকে এনে দিলেন ১৫৯ রানের এক বিশাল জয়। এটি রানের ব্যবধানে পিএসএল ইতিহাসের বৃহত্তম জয়ের রেকর্ড।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে করাচিতে নাহিদ রানার তোপ আর কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেছে করাচি কিংস।
ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পেশোয়ার জালমি স্কোরবোর্ডে ৩ উইকেটে ২৪৬ রানের পাহাড়সম পুঁজি সংগ্রহ করে। ইনিংসের শুরুতে মোহাম্মদ হারিসকে দ্রুত হারালেও লঙ্কান তারকা কুশল মেন্ডিস ও অধিনায়ক বাবর আজমের ১৯১ রানের মহাকাব্যিক জুটি পেশোয়ারকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।
মেন্ডিস মাত্র ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ১০৯ রান করে আউট হন। তার ৫২ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কার মার। অন্যপ্রান্তে বাবর আজম ধৈর্যশীল ব্যাটিংয়ে ৫১ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। শেষ দিকে আব্দুল সামাদ মাত্র ১২ বলে ৪০ রানের এক টর্নেডো ইনিংস খেললে করাচির বোলাররা পুরোপুরি দিশাহারা হয়ে পড়েন।
২৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানার গতির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে করাচি কিংসের ব্যাটিং লাইনআপ। নিজের কোটার ৪ ওভার বোলিং করে একটি মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই বাংলাদেশি গতি তারকা।
বিশেষ করে তার করা তৃতীয় ওভারটি ছিল উইকেট-মেডেন, যেখানে তিনি খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পাকে সাজঘরে ফেরান। নাহিদ রানার এমন কিপটে ও কার্যকর বোলিংয়ে মাত্র ৮৭ রানেই অলআউট হয়ে যায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন করাচি কিংস।
নাহিদের পাশাপাশি পেশোয়ারের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। আগের দুই ম্যাচে উইকেটশূন্য থাকা শরিফুল এদিন ৩ ওভারে ২৩ রান দিয়ে এক উইকেট শিকার করেন। এছাড়া অভিজ্ঞ ইফতিখার আহমেদ ও স্পিনার সুফিয়ান মুকিম প্রত্যেকেই ৩টি করে উইকেট নিয়ে করাচির ব্যাটিং বিপর্যয়ে বড় ভূমিকা রাখেন।
অভিষেক ম্যাচে হায়দরাবাদ কিংসের বিপক্ষে উইকেটশূন্য থেকে ৩০ রান দেওয়া নাহিদ রানা দ্বিতীয় ম্যাচেই রাজকীয়ভাবে ঘুরে দাঁড়ালেন। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো পেশোয়ার জালমি।
একইসঙ্গে চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে নিজেদের আধিপত্য বজায় রাখল বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat