নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার একটি বটগাছের মাথায় উঠে আটকে পড়ে মো: আলহাজ্ব (১৩) নামের এক কিশোর। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার শেষে কিশোরটিকে তার নানা-নানীর হাতে তুলে দেওয়া হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা মাদ্রাসার একটি বটগাছে এ ঘটনা ঘটে।
কিশোর আলহাজ্ব নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার বাসিন্দা মো: রাসেলের ছেলে।
সে ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, আলহাজ্ব তার নানা-নানীর সঙ্গে থাকতো। সকালে তাকে খুঁজে না পেয়ে নানা-নানী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে জানতে পারেন,বাঁশিলা এলাকার মাদ্রাসার বটগাছের মাথায় উঠে বসে আছে আলহাজ্ব।
পরে দ্রুত নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় গাছের নিচে নেট বিছিয়ে এবং বিস্কুটসহ বিভিন্নভাবে কিশোরটিকে নিচে নামানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মোস্তফার নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। উদ্ধার শেষে কিশোরটিকে তার নানা-নানীর হাতে বুঝিয়ে দেওয়া হয়।
কিশোরকে নিরাপদে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তার স্বজনেরা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat