মো. আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার, বালাইনাশক ও লেবুর চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় ২০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি বালাইনাশক দেওয়া হয়। এছাড়া ২০ জন কৃষকের মাঝে লেবুর চারা, ৩০ কেজি জৈব সার ও ২ কেজি করে পলিথিন বিতরণ করা হয়েছে।
কৃষি বিভাগের সংশ্লিষ্টরা জানান, কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি আবাদ ও উৎপাদন বাড়বে। এতে কৃষকের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।
প্রণোদনা পাওয়া কৃষকরা জানান, বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। কৃষি উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat