সেলিম রেজা তাজ,বেনাপোল(যশোর) প্রতিনিধি
খুলনায় ফল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে ১৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের ৮টি টিম পৃথকভাবে এসব তদারকিমূলক অভিযান পরিচালনা করে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গার তেঁতুলতলা মোড় এলাকায় উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালিয়ে যথাযথ পণ্য সরবরাহ না করায় CreamsonCup-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে কেডিএ এভিনিউয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে Shwarma House-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় সুমাইয়া স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া সদর উপজেলার চৌড়াস কলোনি বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মমিন স্টোরকে ১ হাজার এবং জাহানারা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গার জীবননগর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স এন এফ ফার্মেসিকে ২ হাজার টাকা এবং সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কার্য করার অপরাধে হাসান ট্রেডার্স ও চঞ্চল গ্যাস হাউসকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
যশোর সদর উপজেলার সুজলপুর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় আরিয়ান এন্ড আনিকা স্টোরকে ১ হাজার টাকা এবং নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স তোহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় সুমন এন্টারপ্রাইজ ও মেসার্স পিয়োস এন্ড পিয়ন্তি বাণিজ্য ভান্ডারকে ২০ হাজার টাকা করে এবং কল্যানী এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে সাধু খা স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ১৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat