যশোর প্রতিনিধিঃ
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্যরা নবনির্বাচিত কমিটির নেতাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক, সদস্য ও সাবেক সম্পাদক আহসান কবীর, এম আইউব, আকরামুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নুর ইসলামের নেতৃত্বাধীন নতুন পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় নবনির্বাচিত সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দফতর সম্পাদক তহীদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং সদস্য রফিকুল ইসলাম, গালিব হাসান পিল্টু, মুর্শিদুল আজিম হিরু, এসএম সোহেল ও তৌহিদ জামান উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন ও সাধারণ সভা আয়োজনের জন্য গঠিত আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হলো। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত নেতারা প্রেসক্লাবের পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat