পোরশা (নওগাঁ) প্রতিনিধি
“জনবান্ধব অটোম্যাটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) পোরশা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। ভূমি সেবা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খতিয়ান ও অনলাইন ভূমিসেবাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন নিতপুর মহিলা আলিম মাদ্রাসার মোছাঃ আঙ্গুরী খাতুন। দ্বিতীয় স্থান অর্জন করেন নিতপুর মডেল উচ্চ বিদ্যালয়ের মোঃ মাহমুদুল হাসান এবং তৃতীয় স্থান অধিকার করেন নিতপুর মহিলা আলিম মাদ্রাসার মোছাঃ রুমা খাতুন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনূর রশীদ, পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি এম রাসেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমিসেবা খাতকে আরও আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। বর্তমানে অনলাইনের মাধ্যমে খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদনসহ বিভিন্ন সেবা সহজেই গ্রহণ করা সম্ভব হচ্ছে।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের পাশাপাশি ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নতুন প্রজন্মকে ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করে তুলতে পারলে ভবিষ্যতে ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি অনেকাংশে কমে আসবে। পাশাপাশি শিক্ষার্থীদের সততা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে গড়ে ওঠার আহ্বানও জানানো হয়।
আয়োজকরা জানান, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ডিজিটাল সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat