পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে নওগাঁর পোরশা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে "স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া শোকেসিং" মেলা ও প্রতিযোগিতা। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার (১২ জুন) দিনব্যাপী শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর প্রকল্প ও স্টার্টআপ ধারণা প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করেন।
তিনি বলেন, “বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের গবেষণামূলক চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গবেষণামূলক মনোভাব, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পোরশা উপজেলা একাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেলায় উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ, পাহিড়াপুকুর স্কুল অ্যান্ড কলেজ, নিতপুর মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, পলাশবাড়ী চাচাইবাড়ি কামিল মাদ্রাসা, বারিন্দা শেখপাড়া ফাজিল মাদ্রাসা, নিতপুর দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসা, শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়, গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়, মশিদপুর উচ্চ বিদ্যালয়, শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং পোরশা হাই মাদ্রাসা কাম হাই স্কুল।
মেলায় ১১টি স্টলে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। শিক্ষার্থীদের গবেষণাধর্মী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতার প্রতিফলন ঘটানো এসব প্রকল্প দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রতিযোগিতায় মশিদপুর উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস, পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি. এম. রাসেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ বিজ্ঞান ও উদ্ভাবন মেলা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ পোরশা উপজেলায় বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে নতুন অনুপ্রেরণা জোগাবে এবং আগামী প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে আরও উৎসাহিত করবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat