স্পোর্টস ডেস্ক
ফুটবলে গোলকিপারের সবচেয়ে বড় দায়িত্বই হলো প্রতিপক্ষের শট ঠেকানো। কিন্তু এবার সেই দায়িত্বই যেন ভুলে গেলেন আর্জেন্টাইন গোলকিপার গুস্তাভো তেসোনোত্তে।
রেফারির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে পেনাল্টি ঠেকানোর কোনো চেষ্টাই করেননি তিনি। বরং পোস্টের পাশে দাঁড়িয়ে নিজেদের জালে বল জড়াতে দেখেছেন। ঘটনাটি ঘটেছে বলিভিয়ার কোপা সিমন বলিভারে উইলস্টারমান ও ইন্দিপেনদিয়েন্তে দে কোচাবাম্বার ম্যাচে। নির্ধারিত সময়ের শেষ দিকে ম্যাচটি ২-২ সমতায় ছিল।
এ সময় উইলস্টারমানের আর্জেন্টাইন গোলকিপার তেসোনোত্তেকে ঘিরে একটি ঘটনায় ইন্দিপেনদিয়েন্তের পক্ষে পেনাল্টি দেন রেফারি কার্লোস আর্তিয়াগা। সিদ্ধান্তটি নিয়ে তীব্র আপত্তি জানান উইলস্টারমানের খেলোয়াড়েরা। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পরও রেফারি আর্তিয়াগা সিদ্ধান্ত বদলাননি। এরপর পেনাল্টি নেওয়ার সময় তেসোনোত্তে গোলপোস্টের পাশে গিয়ে দাঁড়ান।
তিনি শট ঠেকানোর কোনো চেষ্টা না করে পেনাল্টি কিকটি গোল হতে দেন। আর্নেস্তো আদিরির সেই গোলে ইন্দিপেনদিয়েন্তে ৩-২ ব্যবধানে জয় পায়।
ঘটনার পর বিষয়টি আরো আলোচনায় আসে। বলিভিয়ার জাতীয় রেফারি কমিশন ম্যাচের ভিডিও ও সিদ্ধান্ত পর্যালোচনা করে জানায়, ওই পেনাল্টি দেওয়া হয়েছিল ভুলভাবে। এরপর রেফারি আর্তিয়াগাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়।
বিতর্কিত রেফারিংয়ে অদ্ভুত ও অভিনব এই প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই গোলকিপার তেসোনোত্তেকে প্রশংসায় ভাসিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat