মোঃ আজিজুল হাকিম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে গ্রাহকদের ওপর জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া, অতিরিক্ত বিল ও বিভিন্ন চার্জ আদায় এবং হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে পার্বতীপুর নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী-পুরুষ ও বিদ্যুৎ গ্রাহক শহরের ঢাকা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
পার্বতীপুর নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব অলিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন— রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন ও পার্বতীপুর নাগরিক কমিটির সদস্য আমান উল্লা আমান প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে কোনো ধরনের মতামত ছাড়াই জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এই মিটারের রিচার্জ জটিলতা, ব্যালেন্স ফুরিয়ে যাওয়া, জরুরি ব্যালেন্সের নিয়ম এবং কারিগরি ত্রুটির কারণে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তারা আরও বলেন, প্রিপেইড মিটারের বিভিন্ন লুকানো চার্জ ও অতিরিক্ত অর্থ আদায়ের ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। অবিলম্বে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, অযৌক্তিক চার্জ আদায় বাতিল এবং গ্রাহক হয়রানি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat