পারভেজ,চট্টগ্রাম প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত এবং চামড়া পাচার রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার (১৭ মে) বিকেল ৩টায় সিএমপির দামপাড়া পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে আয়োজিত বিশেষ “নিরাপত্তা সমন্বয় সভা”য় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
সভায় জানানো হয়, ঈদকে কেন্দ্র করে নগরবাসীর নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে প্রতিটি পশুর হাটে বিশেষ নজরদারি জোরদার করা হবে। নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি অস্থায়ী পুলিশ ক্যাম্প, কন্ট্রোল রুম, জাল নোট শনাক্তকরণ বুথ, ওয়াচ টাওয়ার ও মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। এছাড়া সাদা পোশাকে পুলিশ মোতায়েন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মানি এস্কর্ট সুবিধাও রাখা হবে।
সিএমপি জানিয়েছে, কোনো অসাধু চক্র যাতে পশুবাহী ট্রাক জোরপূর্বক নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি থাকবে। অনুমোদনহীন পশুর হাট ও অবৈধ খুঁটির ব্যবসার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পশুবাহী খালি ট্রাকে যাত্রী পরিবহন বন্ধে অভিযান পরিচালনা করা হবে।
কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহনকে কেন্দ্র করে চামড়া সিন্ডিকেট ও চাঁদাবাজি ঠেকাতে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু থাকবে বলেও সভায় জানানো হয়। চামড়ার দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট গঠন, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিএমপি।
এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে নগরীর প্রতিটি এলাকায় পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঈদের ছুটিতে ফাঁকা থাকা আবাসিক এলাকাগুলোতে পুলিশের বাড়তি টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিএমপি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat