ন্যাশনাল ডেস্ক
পল্লী চিকিৎসক হয়েও চক্ষু বিশেষজ্ঞ সেজে রোগী দেখার দায়ে লাখ টাকা জরিমানা করা হয়েছে এম কে এ সাকিদার নামের এক ব্যক্তিকে।
রোববার (০৩ মে) বিকেলে বগুড়ার সূত্রাপুর এলাকায় (আজাদ পাম্পের পাশে) জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় দেখা যায়, এম কে এ সাকিদার একজন পল্লী চিকিৎসক। কিন্তু তিনি প্রায় তিন বছর ধরে চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখে আসছিলেন। নিজের নামের সঙ্গে ডাক্তার শব্দ যোগ করে সেবা গ্রহীতাদের প্রতারিত করে আসছিলেন।
দূর দূরান্ত থেকে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে দালালের মাধ্যমে প্রভাবিত করে নিজের চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসতেন।
উপস্থিত কয়েকজন রোগী জানান, সরকারি হাসপাতালের ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে দেখানোর কথা বলে তাদেরকে এখানে আনা হয়েছে।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালকের জিজ্ঞাসাবাদে এম কে এ সাকিদার অপরাধ ও ভুল স্বীকার করেন। ভবিষ্যতে প্রতারণার আশ্রয় নেবেন না এবং নিয়ম-কানুন মেনে চলবেন মর্মে অঙ্গীকার করেন। অভিযানে ভোক্তা অধিকার আইন অনুযায়ী এম কে এ সাকিদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat