
সিরাজগঞ্জের চৌহালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী মাস্ক পরে ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে।
রোববার (৩১ মে) বিকেলে ও সন্ধ্যায় উপজেলার পৃথক স্থান থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- উপজেলার চরসলিমাবাদ গ্রামের সাইফুল মোল্লার ছেলে ছাত্রলীগ কর্মী এস এন সাব্বির হোসেন (১৯) এবং রেহাইপুখুরিয়া গ্রামের মাসুদ জামানের ছেলে মুত্তাকিন হোসেন (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে মুখমণ্ডলে মাস্ক পরিধান করে ছাত্রলীগের কয়েকজন কর্মী হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলে তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। পরে এই ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ কর্মী এস এন সাব্বিরকে রোববার বিকেলে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই পূর্বপাড়া এলাকা থেকে আটক করা হয়। উপজেলা বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে একই দিন সন্ধ্যার দিকে রেহাইপুখুরিয়া এলাকা থেকে অপর কর্মী মুত্তাকিন হোসেনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী মাস্ক পরে ঝটিকা মিছিল করার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করা হয়। আটককৃতদের শাহজাদপুর থানার একটি চলমান মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat