খ ম জায়েদ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
শিক্ষার প্রসার ও এলাকার শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ বাড়াতে নিজের জমি দান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম.এ. হান্নান। তাঁর দানকৃত জমিতে ‘এম.এ. হান্নান উচ্চ বিদ্যালয়’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর, লাহাজুরা মাদ্রাসা সংলগ্ন কদমতলা সড়কে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিদ্যালয়টির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মোনাজাতে বিদ্যালয়ের নির্মাণকাজের সফলতা, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
স্থানীয়রা জানান, এতদিন নুরপুর, লাহাজুরাসহ আশপাশের গ্রামের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য দূরে যেতে হতো। এতে অনেক শিক্ষার্থী নানা কারণে শিক্ষা থেকে ঝরে পড়ত। নিজ এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি শিক্ষার সুযোগ বাড়বে।
এলাকাবাসীর প্রত্যাশা, বিদ্যালয়টি চালু হলে বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তান ও মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে উঠবে।
বিদ্যালয়টির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে পাঠদান কার্যক্রম চালুর প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।
দৃশ্যপট/ অ প্র
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat