খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে একটি লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানের ভেতরে থাকা লেপ, তোষক, বালিশ, তুলা, কাপড়সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার( ২৭ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর গার্লস স্কুল সংলগ্ন সমীর দেবের মার্কেটে লেপ-তোষকের দোকানে এক ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।
আগাম শীতকে কেন্দ্র করে ইদানীং দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল ক্রয় করে বলে জানাযায়, দোকানের মালিক মোঃ রায়হান মিয়ার বাড়ি নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। লেপ-তোষকে তুলা আর কাপড় থাকায় আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেক চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন।
দোকান মালিকের রায়হান উদ্দিনের আহাজারিতে ভারী হয়ে ওঠে সদরের আকাশ-বাতাস। তিনি কাঁদতে কাঁদতে বলেন, _“এই দোকানটাই আমার সব ছিল। তিলে তিলে গড়া দীর্ঘদিনের স্বপ্ন এক নিমেষে পুড়ে ছাই হয়ে গেল। এখন আমি কী দিয়ে সংসার চালাবো, কী দিয়ে ছেলে-মেয়েদের মুখে খাবার তুলে দিবো?”
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর পরই আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় পুলিশ প্রশাসন,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার কমিটির নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকের প্রতি সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিককে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat