নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় নানার বাড়ির জমির ভাগ-বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই যুবককে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের পশ্চিম মাধনগর কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— নাটোর সদর উপজেলার নজরপুর গ্রামের মিতু তালেবের ছেলে মোঃ তামিম হোসেন (২৬) এবং একই এলাকার মোঃ মাসুদ রানার ছেলে মোহাম্মদ জিতু (২২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নানার বাড়ির সম্পত্তি ভাগাভাগি নিয়ে তামিম ও জিতুর সাথে তাদের আত্মীয় আসাদুল প্রাং (৪৫), তার ছেলে জীবন প্রাং (২৪) এবং স্ত্রী শাহিনা বেগমের (৩৯) বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আসাদুল ও তার ছেলে জীবন চাকু দিয়ে তামিম ও জিতুর ওপর হামলা চালায়।
হামলায় ১ নং ভিকটিম তামিমের গলায় চাকুর আঘাত লাগায় তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ২ নং ভিকটিম জিতুর ডান পাঁজরে আঘাত লাগায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার তদন্ত ওসি ইব্রাহিম খলিল জানান, ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat