ন্যাশনাল ডেস্কঃ
জেলার সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে চার ব্যবসায়ীর কাছ থেকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সার ব্যবস্থাপনা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন, সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
এ অভিযানে ব্যবসায়ী সোহেল হোসেনের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ব্যবসায়ী আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া ব্যবসায়ী আবুল হাসেমের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর ব্যবসায়ী মোবারকের কাছ থেকে ১৪৭ বস্তা সার জব্দ করে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বাসসকে বলেন, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির মাধ্যমে কৃষকদের হয়রানি করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat