রাজীব কুমার মালো,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘড়িপয়সা এলাকায় আঃ রহিম মল্লিকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় ঘড়িপয়সা মল্লিকবাড়ির সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আ. রহিম মল্লিক নিজেকে বিএনপির লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তারা দাবি করেন, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, জমি দখলের চেষ্টা এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে তিনি জড়িত।
বক্তারা আরও অভিযোগ করেন, এলাকার নিরীহ ও সাধারণ মানুষকে বিভিন্ন হয়রানিমূলক ও মিথ্যা মামলায় জড়িয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। অনেক ক্ষেত্রে মামলা প্রত্যাহারের নামে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয় বলেও মানববন্ধনে অভিযোগ তোলা হয়। এছাড়া তার কথামতো না চললে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন কয়েকজন ভুক্তভোগী।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, আ. রহিম মল্লিকের কারণে এলাকার বহু পরিবার দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছে। তাদের ভাষ্যমতে, ২০২৪ সাল থেকে বিভিন্ন সময়ে মিথ্যা মারামারিসহ নানা ধরনের মামলায় জড়ানো হয়েছে বেশ কয়েকজনকে।
ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব (বহিস্কৃত) গিয়াস মল্লিক বলেন, আমি তার এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করি বলে ষরযন্তমূলকভাবে আমার ঘড়ে মাদক রেখে আমাকে ধরিয়ে দেয়। যে কারনে আমার দলীয় পদপদবীও হারিয়েছি। আমি এই রহিম মল্লিকের ষড়যন্ত্র থেকে এলাকাবাসীকে বাচাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
বিভিন্ন মামলার আসামীরা হলেন— মো. রিয়াজ মল্লিক, আলমগীর খান, মনির মল্লিক, ফারুক গাজী, মিরাজ মল্লিক, ফিরোজ মল্লিক, নুর আলম মল্লিক, গিয়াস মল্লিক, নুরু মল্লিক, মিনারা বেগম, খাদিজা বেগম, মারুফা বেগম, রেজাউল মল্লিক, কাদের মল্লিক, গনি মল্লিক, বেলাল মল্লিক, নেহার বেগম ও দেলোয়ার খানসহ আরও অনেকে মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের কাছে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে জানতে রহিম মল্লিকের সাথে যোগাযোগ করার চেস্টা করেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat