মোঃ মোস্তাকিম বিল্লাহ,পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ। স্থানীয় জনগণের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম মোড় থেকে বড়গ্রাম-গড়াকান্দরগামী পাকা সড়কে বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে মাদক বিক্রির খবর পেয়ে পোরশা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। রাত ১১টা ১০ মিনিটের দিকে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হলে পরিহিত লুঙ্গির কোচর থেকে ১০০ মিলিগ্রাম ওজনের ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইউসুফ আলী (৩৮), মো. ইমরান নাজিম (২৩) ও মো. ফারুক হোসেন (২৬)।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে পুলিশ। মাদক নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অব্যাহত থাকলে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat