শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা বাজারের নাঈম অটো মোবাইল এন্ড বীজ ভান্ডার অবৈধভাবে সার মজুত ও চড়া দামে বিক্রির অপরাধে গোডাউনে তল্লাশি চালিয়েছে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। এ সময় গোডাউনে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ১ হাজার ৫০০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। একই সাথে গোডাউনটিতে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সদরে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলা প্রশাসনও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকারের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন উপস্থিত থেকে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ী মোঃ নাঈম হোসেন, তিনি দীর্ঘদিন ধরে আইন অমান্য করে এবং কৃষকদের সংকটে ফেলে অবৈধভাবে সার মজুত ও চড়া দামে বিক্রি করে আসছিলেন। এর আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে তাকে অর্থদণ্ড দেওয়া হলেও তিনি তার এই অবৈধ ব্যবসা চালিয়ে যান।
সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় তার এই গোপন গোডাউনে হানা দেয় প্রশাসন। বিপুল পরিমাণ এই সার জব্দের পর অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার বলেন, বেশ কয়েকজন কৃষক ও স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন তারা কিছু সার জব্দ করেছেন। অভিযোগের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে আমরা নাঈম অটো মোবাইল এন্ড বীজ ভান্ডারের দুটি গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুদ ও বিক্রি করার সত্যতা পাই। তিনি বিএডিসির ডিলার এবং বরাদ্দ বহির্ভূতভাবে সারগুলো নিয়ে এসেছে বলে জানতে পারি।
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, "কৃষকদের অধিকার ক্ষুণ্ণ করে এবং বাজার অস্থিতিশীল করে এমন যেকোনো অবৈধ মজুতের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় যাই হোক না কেন, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" এই ঘটনায় এলাকায় সাধারণ কৃষকদের মাঝে স্বস্তি নেমে এসেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat