
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলগুলোর নেতাদের ভাষণ প্রচারের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ধারাবাহিকভাবে এই ভাষণগুলো প্রচারিত হবে। বিটিভির দায়িত্বশীল সূত্র শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি জানায়।
বিটিভি সূত্র জানায়, ৪টি দলের শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানানোয় তাদের জন্য সময় বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি। এই চার দলের বাইরে এখনো কেউ বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানিয়ে চিঠি দেননি।
বিটিভি সূত্র আরও জানায়, ৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ বিটিভিতে প্রচারের সূচি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, ৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের সূচি চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, সবশেষ তিনটি জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচার করা হয়নি। এর আগে ২০০৮ সালে সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিটিভিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat