মনোয়ারুল ইসলাম,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন) উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের বাড়ির নিকটবর্তী ডালিয়া ক্যানেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
নিহত সানজিদা উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) বিকেলে বাড়ির আশপাশে খেলাধুলা করার সময় সানজিদা নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার(২০ জুন) সকালে স্থানীয় লোকজন বাড়ির নিকটবর্তী ডালিয়া ক্যানেলের পাশে একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি সানজিদার বলে শনাক্ত করেন। খবর পেয়ে এলাকাবাসী সেখানে ভিড় জমায়।
শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাটি তদন্ত করে দেখছেন বলে জানা গেছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat