তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে লাগা আগুনে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১টার দিকে উপজেলা পরিষদ গেটের পাশের একটি দোকানে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পান পথচারী ও স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পাশের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাড়াশ ফায়ার সার্ভিসের একটি দল। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুহাম্মদ মঞ্জুরুল আলম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে দোকান দুটির মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রা-ণহানির ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat