তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি জমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে এই অভিযানের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।
বুধবার (৪ মার্চ)তাড়াশ উপজেলার গুল্টা গ্রামে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে, গুল্টা এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একদল অসাধু ব্যক্তি এক্সকাভেটর (ভেকু) দিয়ে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত সেখানে অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে ধোপাগাড়ি বাজারে হামলার শিকার হন দুই সাংবাদিক। তারা হলেন জাতীয় দৈনিক চলনবিল প্রবাহের তাড়াশ উপজেলা প্রতিনিধি রাশিদুল হাসান ও জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক শ্যামল বাংলা পত্রিকার তাড়াশ উপজেলাপ্রতিনিধি, খালিদ হাসান। এ ব্যাপারে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলায় শিকার হওয়া দুই সাংবাদিক।
এ ব্যাপারে তাড়াশ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, সাংবাদিকের উপরে হামলার বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পেঙ্গুয়ারি গ্রামের অবৈধ মাটি ব্যবসায়ী রাজু আহমেদ (৫৫)-এর নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে করে সাংবাদিক রাশিদুল হাসান আঘাত প্রাপ্ত হন। পরে এলাকাবাসি এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। হামলাকারী অবৈধ্য মাটি ব্যবসায়ী রাজু আহমেদ সাংবাদিকদের প্রাণনাশের হুমকিও দেয়।
এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের মহৎ উদ্যোগকে বাধাগ্রস্ত করতে এবং সত্য প্রকাশে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।