তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ের তিনতলা ভবনের বারান্দা থেকে পড়ে মো. আরাফাত হোসেন (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবউ এইচএস উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত আরাফাত হোসেন উপজেলার নবীপুর গ্রামের শহিদুল ইসলাম কুটির ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে বিদ্যালয়ে যায় আরাফাত। তবে ক্লাস শুরুর আগেই সে বিদ্যালয়ে পৌঁছায়। এ সময় কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না বলে অভিযোগ রয়েছে। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ দুর্ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। আহত শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের ভবনে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী ও রেলিংয়ের অভাব রয়েছে। পাশাপাশি শিক্ষকদের যথাযথ নজরদারি না থাকায় শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছে। শিক্ষার্থীদেরও অভিযোগ, প্রধান শিক্ষকসহ অনেক শিক্ষক নিয়মিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হন না।
এ বিষয়ে বানিয়াবউ এইচএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান দুলাল বলেন, “ঘটনার সময় আমি বিদ্যালয়ে ছিলাম না। সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে আসি।”
এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ ও কোনো অবহেলা ছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat