তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তানিয়া ইসলাম (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামের নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ তুলেছে তানিয়ার পরিবার। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে।
নিহত তানিয়া ইসলাম উপজেলার বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে। তার স্বামী মো. শাহ পরান নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তানিয়া ইসলাম ও শাহ পরানের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গ্রামেই বসবাস করে আসছিলেন।
সোমবার (২৭ জুলাই) রাতেও প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। তবে মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘরের ভেতরে তানিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, শাহ পরান পরিকল্পিতভাবে তানিয়াকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তবে কী কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat