
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৭ নম্বর মাধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. জহুরুল ইসলাম।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে তাড়াশ উপজেলা অডিটোরিয়ামের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর নিজের নির্বাচনী প্রত্যাশার কথা জানিয়ে জহুরুল ইসলাম বলেন, মাধাইনগর ইউনিয়নের মানুষের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়া তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। দলীয় মনোনয়ন পেয়ে জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে ইউনিয়নটিকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গঠন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
জহুরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় মনোনয়ন ও ইউনিয়নবাসীর সমর্থন পেলে মাধাইনগরের উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ এবং ইউনিয়ন বিএনপির কাউন্সিল ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat