রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কের প্রথম সেতুর নিচ থেকে মো. আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকালে স্থানীয়রা সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে সলঙ্গা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরে পরিচয় শনাক্তের পর জানা যায়, নিহত আব্দুস সালাম বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. আবুল হোসেন।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত বিশ্লেষণের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি একটি রহস্যজনক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat