রাজীব কুমার মালো,ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন।
পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি স্থানীয় বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নৌকায় বসে পেয়ারা বেচাকেনার দৃশ্য উপভোগ করেন। পাশাপাশি স্থানীয় পেয়ারার স্বাদ নেওয়ার সঙ্গে চারপাশের সবুজ-শ্যামল প্রকৃতিও উপভোগ করেন তিনি।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকাতেও সীমিত পরিসরে পেয়ারা চাষ হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্র সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম পরিচিত কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার নয়নাভিরাম দৃশ্য দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। মার্কিন রাষ্ট্রদূতের এ সফর স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করেছে।
এর আগে, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat