রাজীব কুমার মালো,ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে নিহত হয়েছেন বাবা।
উপজেলার কুলকাঠি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গতকাল রবিবার বিকেলে হামলায় বাবা আক্কাস খান (৫৫) ও ছেলে জসিম খান (৩২) আহত হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে আক্কাস খানকে ঢাকা নেওয়ার পথে রাত রাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। পুলিশ আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল। এতে রবিবার বিকেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়ের পরিবার। এসময় বাড়ির সামনের রাস্তায় জসিমকে একা পেয়ে সজল খান, তাঁর বাবা সেলিম খান ভাই শফিক খান লোকজন নিয়ে হামলা চালায়। জসিমের চিৎকার শুনে তাঁর বাবা আক্কাস খান বাঁচাতে গেলে দু’জনকেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে আক্কাস খানের মৃত্যু হয়। ছেলে জসিম খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় আক্কাস খানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat