শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে মারধরে আহত আব্দুল খালেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
নিহত আব্দুল খালেক উপজেলার বাঁকা পূর্বপাড়ার আজের বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাঁকা গ্রাম থেকে মিনাজপুরে যাওয়ার পথে বাঁকা ইলাপাড়া এলাকায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, প্রায় দুই বছর আগে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান সেখ জানান, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ হেফাজতে নিয়েছে। প্রাথমিকভাবে সাবেক স্ত্রীর পরিবারের সঙ্গে পূর্ববিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat