ন্যাশনাল ডেস্ক
জলবায়ুজনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে উন্নত প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ নভেম্বর ‘কপ-৩১’ সম্মেলনের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ‘সবার জন্য আগাম সতর্কবার্তা: সবাইকে সুরক্ষার প্রতিশ্রুতি পূরণ’ শীর্ষক উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তৃতাকালে শামা ওবায়েদ স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আগাম সতর্কবার্তা ব্যবস্থার বিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দীর্ঘস্থায়ী উন্নয়নের ফলে গত কয়েক বছরে দুর্যোগজনিত প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।’
তিনি জানান, বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস প্রদান, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদের একটি বড় নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, আগাম সতর্কবার্তা ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শামা ওবায়েদ জানান, উন্নত আগাম সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য বড় ধরনের আর্থিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন। তিনি উন্নত দেশগুলোকে এ ক্ষেত্রে উদার সহায়তা প্রদানের আহ্বান জানান।
এছাড়া, শামা ওবায়েদ আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার ওপরও জোর দেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রীরা উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat