পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি
সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজন করল ব্যতিক্রমী এক ‘ওপেন হাউজ ডে’। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত সিএমপির দামপাড়াস্থ সম্মেলন কক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত এই আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ তাদের সমস্যা, অভিযোগ ও গঠনমূলক নানা প্রস্তাবনা সরাসরি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। সেবাপ্রত্যাশীদের প্রতিটি বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী।
গণশুনানিতে উপস্থিত বেশ কয়েকজন সেবাপ্রত্যাশী তাদের সমস্যার কথা জানালে অতিরিক্ত পুলিশ কমিশনার সংশ্লিষ্ট থানার ওআই ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে আইনি সমাধান পেয়ে অনেকে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেন। অন্যদিকে, উপস্থিত নাগরিকেরা মহানগরে অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু ইতিবাচক প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশের এমন মানবিক ও জনবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সাধারণ মানুষ।
জনগণের মুখোমুখি বসার এই বিশেষ আয়োজনে সিএমপির শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন,
হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত পুলিশ কমিশনার - ট্রাফিক)নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (উপ-পুলিশ কমিশনার - ট্রাফিক-উত্তর; অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নিষ্কৃতি চাকমা (উপ-পুলিশ কমিশনার - ট্রাফিক-পশ্চিম)মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি (উপ-পুলিশ কমিশনার - ট্রাফিক-দক্ষিণ)মোঃ রইছ উদ্দিন (উপ-পুলিশ কমিশনার - ক্রাইম এন্ড অপারেশনস্)মোঃ গোলাম রুহুল কুদ্দুস (উপ-পুলিশ কমিশনার - সিএসবি)মোঃ আমিরুল ইসলাম (উপ-পুলিশ কমিশনার - বন্দর)মোহাম্মদ বদিউজ্জামান, পিএসসি (ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার - কাউন্টার টেরোরিজম)এছাড়াও সিএমপির বিভিন্ন জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত সভায় উপস্থিত থেকে সাধারণ মানুষের মতামত ও অভিযোগগুলো নোট করেন।
সিএমপি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে এনে একটি নিরাপদ ও সুন্দর নগরী গড়ে তুলতেই নিয়মিত বিরতিতে এই ‘ওপেন হাউজ ডে’র আয়োজন করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat