পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি
শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।
বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচে অংশ নেয় স্থানীয় শিক্ষার্থীরা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি পরে মাঠে নামা খুদে ফুটবলারদের খেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং করতালিতে মুখর পরিবেশ আয়োজনটিকে এক অনন্য জনউৎসবে পরিণত করে।
ম্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সীতাকুণ্ড থানার কর্মকর্তারা, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মাঠের খেলাধুলাই সবচেয়ে কার্যকর মাধ্যম।”
তিনি আরও বলেন, জেলা পুলিশ ভবিষ্যতেও শিক্ষার্থী ও তরুণদের কল্যাণে এ ধরনের জনসম্পৃক্ত ও ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখবে।
আয়োজনে অংশ নেওয়া শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জানান, খেলাধুলাভিত্তিক এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য এবং দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা মনে করেন।
ব্যতিক্রমধর্মী এ আয়োজনের জন্য স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দারা চট্টগ্রাম জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat