বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। শুক্রবার (৯ অক্টোবর) আয়োজিত এবারের বিতর্কের বিষয়বস্তু ছিল— 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন বেশি কার্যকর।'
বিতর্কে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জামিউল আহসান শিপু, সাংবাদিক নাদিয়া শারমিন, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি।
ছায়া সংসদে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বিতার্কিকদের পরাজিত করে বুটেক্সের বিতার্কিকরা বিজয়ী হন। বুটেক্স ডিবেটিং ক্লাব হতে বিতর্কে অংশগ্রহণ করে মাহমুদুল হাসান, সাদ আল আশরাফি, মো. শহীদুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ ও সেমন্তি তাহের অর্পি।
বিজয়ী দলের বিতার্কিক মাহমুদুল হাসান জানান, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় পর্যায়ে বিতর্ক করা এবং নিজের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরা আমার জন্য গর্বের। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তি ও তথ্যের মাধ্যমে জনসচেতনতা তৈরির সুযোগ পাওয়া আমার কাছে বিশেষ প্রাপ্তি। বিশ্বাস করি, বিতর্কের মঞ্চে আমাদের প্রতিটি যুক্তি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং একটি সচেতন প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবে।”
এছাড়া বিতার্কিক সাদ আল আশরাফি জানান, “আমাদের এই অর্জন আমরা বুটেক্সডিসিকে উৎসর্গ করছি। আমি দলের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে বিতর্ক অঙ্গনে বুটেক্সডিসির এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা রাখি।”
সর্বোপরি, সরকারি দলের পক্ষ থেকে বুটেক্সের বিতার্কিকদের সঠিক যুক্তি, প্রাঞ্জল উপস্থাপনা এবং তথ্যনির্ভর বিশ্লেষণ বিচারকমণ্ডলীর কাছে অধিক গ্রহণযোগ্য বিবেচিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat