শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে তিনি মারা যান। এর আগে রাত ১১টা ৫ মিনিটে বুকে ব্যথা অনুভব করায় কারাগার থেকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত আনোয়ার হোসেন (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি কয়েদি নম্বর ৪০৭০/এ হিসেবে কারাগারে ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি কারাগারে আসেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উচ্চ রক্তচাপ (এইচটিএন) ও ইস্কেমিক হার্ট ডিজিজে (আইএইচডি) আক্রান্ত আনোয়ার হোসেন গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ২১ অক্টোবর রাত ১১টা ৫ মিনিটে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রোম (এসিএস), ডায়াবেটিস মেলিটাস (ডিএম), ব্রঙ্কিয়াল অ্যাজমা (বি. অ্যাজমা) ও উচ্চ রক্তচাপের (এইচটিএন) উল্লেখ রয়েছে।
কারাগার সূত্রে আরও জানা যায়, পেনাল কোডের ৩২৪ ধারার একটি মামলায় আদালত আনোয়ার হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দেন। এরপর গত বছরের (২০২৬ সালের) ৩০ সেপ্টেম্বর তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসেন।
বিধি অনুযায়ী, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার গোলাম দস্তগীরের সরকারি নম্বরে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও বক্তব্য পাওয়া যায়নি
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat