শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটায় জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ রেজাউল করিম। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নেন।
সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে উদ্ভূত বিভিন্ন সমস্যা, আবাসন, চিকিৎসা, কর্মপরিবেশ এবং সার্বিক সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সদস্যদের দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ রেজাউল করিম পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিকতা ও সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে তিনি সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যের কল্যাণ, পেশাগত নিরাপত্তা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে জেলা পুলিশ সর্বদা আন্তরিক। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি দক্ষ, জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন) এবং সকল ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat