শিমুল রেজা , চুয়াডাঙ্গা প্রতিনিধি
বিলুপ্তির ২০ দিন পর চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে জুয়েল মাহমুদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে কৌশিক আহমেদ রানাকে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মো. সাইফুল ইসলামকে। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. আরাফাত হোসেনকে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন শোয়ের তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন মো. রাশিদুল ইসলাম।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি দুটির মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ উল্লেখ করা হয়েছিল।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আগের কমিটি ২০১৮ সালের ৫ জুন গঠন করা হয়েছিল। ওই কমিটিতে শাহজাহান খানকে সভাপতি এবং মোমিনুর রহমান মালিতাকে সাধারণ সম্পাদক করা হয়। দুই বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘ সময় নতুন কমিটি গঠন করা হয়নি।
এদিকে, আগের কমিটির সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তাঁকে ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এর মধ্যেই কেন্দ্রীয় সংসদ জেলা কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়। তবে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বিলুপ্তির কারণ হিসেবে কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার কথাই উল্লেখ করা হয়েছিল।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে প্রায় তিন সপ্তাহের নেতৃত্বশূন্যতা কাটিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নতুন সাংগঠনিক নেতৃত্ব পেল। এখন নির্ধারিত ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দিকে তাকিয়ে রয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat