শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার শেখপাড়ায় একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখার ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীরা কারও নির্দেশনা বা প্ররোচনায় এসব স্লোগান লিখেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শেখপাড়ার একটি বসতবাড়ির দেয়ালে লেখা স্লোগানগুলো স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। স্থানীয়দের অভিযোগ, এর আগের দিন বুধবার দিনের বেলায় ওই গলিতে জন্মদিন উদ্যাপন করতে গিয়েছিল বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পরে তারাই বাড়িটির দেয়ালে স্লোগানগুলো লেখে।
ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে সহায়কদের মাধ্যমে দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলা হয়।
সরেজমিনে দেখা যায়, শেখপাড়ার ওই গলির একটি বসতবাড়ির প্রাচীরে কালো ও সাদা রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’ লেখা হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গতকাল দিনের বেলায় স্কুলের ছাত্রীরা এসে দেয়ালে এসব স্লোগান লিখেছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এমন কাজ করবে, তা মোটেও আশা করা যায় না।’
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ঘটনার বিষয়ে জানার পর তিনি জেলা প্রশাসককে অবহিত করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে বিদ্যালয়ের সহায়কদের দিয়ে দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলা হয়।
তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন শিক্ষার্থীকে শনাক্ত করা গেছে। এ ঘটনায় কারা জড়িত এবং শিক্ষার্থীরা কেন এমন কাজ করেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কারও নির্দেশনা বা প্ররোচনায় তারা দেয়ালে এসব স্লোগান লিখেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat